পীরগাছায় ‘হিতৈষী’র ফ্যামিলি সেবা কার্ড উদ্বোধন, স্বল্পমূল্যে পণ্য ও নানা সেবার সুযোগ
রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিতৈষী-এর উদ্যোগে ‘ফ্যামিলি সেবা কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
সংগঠন সূত্রে জানা যায়, কার্ডধারীরা প্রতি মাসে ১১ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৩০০ টাকা, তা ১ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন। এছাড়া কার্ডধারীরা ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা, প্যাথলজি পরীক্ষা ও আইনি সহায়তা পাবেন। পাশাপাশি বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন পোশাক, সেমাই ও চিনি প্রদান, মৃত্যুতে কাফনের কাপড় সরবরাহ, সামাজিক বনায়ন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের সুবিধাও থাকবে।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, এটি সরকার ঘোষিত কোনো ফ্যামিলি কার্ড নয়; সংগঠনের নিম্ন আয়ের সদস্যদের জন্য বিশেষভাবে প্রণীত একটি সেবা কার্ড। তিনি জানান, ২০১২ সালে প্রতিষ্ঠিত হিতৈষী এক বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সদস্যদের মাঝে এ ধরনের কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল। শনিবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল ও পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম বিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারি সেবার বাইরে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হিতৈষীর এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
A H M Hafizul Bari