১০০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে মহেশখালী হাসপাতাল।
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে।
সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের প্রচেষ্টার সুফল পেতে যাচ্ছে মহেশখালীর মানুষ। ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মহেশখালী হাসপাতাল, ডিজিটাল সার্ভে শুরু, পরিদর্শনে গণপূর্তের প্রতিনিধি দল
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ (১১ জুন) গণপূর্ত বিভাগের (PWD) একজন প্রকৌশলীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল হাসপাতাল এলাকা পরিদর্শন করেছেন।
মার্চ মাসের ২৯ তারিখ কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ডিও লেটারের প্রেক্ষিতে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।
মহেশখালী হাসপাতালের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষে প্রতিনিধি দলটি ডিজিটাল সার্ভে (Digital Survey) কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ডিজিটাল সার্ভে কার্যক্রম আগামী দুই দিনব্যাপী চলমান থাকবে।
সরেজমিনে পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের বর্তমান সীমানা, খালি জায়গা এবং নতুন ভবন নির্মাণের উপযোগিতা খতিয়ে দেখেন।
মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবি ও চিকিৎসা সেবার মানোন্নয়নে এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল সার্ভে সম্পন্ন হওয়ার পর নকশা (ডিজাইন) ও প্রাক্কলন (এস্টিমেট) চূড়ান্ত করে দ্রুতই মূল নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালটির এই আধুনিকায়নের ফলে দ্বীপ অঞ্চলের অবহেলিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার পরিধি আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে।
A H M Hafizul Bari