*নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার*
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাঁদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত পারভেজ স্থানীয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার রাতে মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার জন্যই দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকারও লুট করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে এবং পরে পরিচয় ফাঁসের আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
A H M Hafizul Bari